সত্যজিৎ দাস (মৌলভীবাজার):
সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার সোনারগাঁও আবাসিক এলাকার একটি পরিত্যক্ত স্থান থেকে তিনটি অবিস্ফোরিত টিয়ার গ্যাস গ্রেনেড উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব-৯) সদস্যরা। উদ্ধার হওয়া গ্রেনেডগুলো বাংলাদেশ পুলিশের বিভিন্ন থানা থেকে লুট হওয়া বলে জানিয়েছে র্যাব।
মঙ্গলবার (২১ জুলাই) র্যাব-৯-এর মিডিয়া অফিসার ও অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়,গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দিবাগত রাত ১২টা ২০ মিনিটের দিকে র্যাব-৯-এর সদর কোম্পানির একটি আভিযানিক দল দক্ষিণ সুরমা থানার হুমায়ুন রশিদ চত্বর থেকে ফেঞ্চুগঞ্জ সড়কের সোনারগাঁও আবাসিক এলাকার একটি পরিত্যক্ত স্থানে অভিযান চালায়। এ সময় ঝোপের মধ্যে রাখা একটি শপিং ব্যাগ থেকে তিনটি অবিস্ফোরিত টিয়ার গ্যাস গ্রেনেড উদ্ধার করা হয়।
র্যাব জানায়,উদ্ধার হওয়া গ্রেনেডগুলোর সঙ্গে সংশ্লিষ্ট কাউকে ঘটনাস্থলে পাওয়া যায়নি। এ ঘটনায় জড়িতদের শনাক্তে তদন্ত ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।
পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধার করা আলামত সাধারণ ডায়েরির (জিডি) মাধ্যমে দক্ষিণ সুরমা থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব-৯ আরও জানায়,২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে এ পর্যন্ত সিলেট বিভাগ ও ব্রাহ্মণবাড়িয়া জেলার দায়িত্বপূর্ণ এলাকায় অভিযান চালিয়ে ৪৯টি দেশি-বিদেশি আগ্নেয়াস্ত্র, ১০৪ রাউন্ড গুলি,৬টি ম্যাগাজিন, প্রায় ৩৭ কেজি বিস্ফোরক, ২৩৫টি ডেটোনেটর, একটি সাউন্ড গ্রেনেড, পাঁচটি পেট্রোল বোমা, ১১টি ককটেল এবং ১৫৫টি এয়ারগানসহ বিপুল পরিমাণ সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
সংস্থাটি জানায়,সিলেট বিভাগের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র্যাব-৯-এর গোয়েন্দা নজরদারি ও বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

