তানভীর তুহিন, স্টাফ রিপোর্টার:
ফরিদপুরের সদরপুর উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত ও পরিবেশন করার দায়ে এক হোটেল মালিককে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে সড়ক পরিবহন আইন অমান্য করায় ৬ মোটরসাইকেল আরোহীকে মোট ৩ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
বুধবার (১৫ জুলাই) সদরপুর উপজেলার শাহজালাল হোটেলে মোবাইল কোর্ট পরিচালনা করেন সদরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিফাত আনজুম পিয়া। অভিযানের সময় হোটেলটিতে অপরিচ্ছন্ন ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার রান্না ও পরিবেশন করার প্রমাণ পাওয়া যায়। এ অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী হোটেল মালিককে ১০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।
পরে উপজেলার পূর্বশ্যামপুর এলাকায় পৃথক অভিযান পরিচালনা করা হয়। এ সময় লাইসেন্স, রেজিস্ট্রেশন সনদ ও ট্যাক্স টোকেন ছাড়া মোটরসাইকেল চালানো এবং নাম্বারপ্লেটবিহীন যানবাহন ব্যবহার করার দায়ে ৬টি মামলায় ৬ জন মোটরসাইকেল আরোহীকে মোট ৩ হাজার টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, জনস্বাস্থ্য সুরক্ষা, নিরাপদ খাদ্য নিশ্চিতকরণ এবং সড়কে শৃঙ্খলা বজায় রাখতে নিয়মিতভাবে এ ধরনের অভিযান পরিচালনা করা হচ্ছে। প্রশাসনের পক্ষ থেকে ব্যবসায়ী ও যানবাহন চালকদের আইন মেনে চলার আহ্বান জানানো হয়েছে।
এ বিষয়ে সদরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিফাত আনজুম পিয়া জানান, জনস্বার্থে ভোক্তা অধিকার ও সড়ক পরিবহন আইন বাস্তবায়নে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

