মোঃ হারুন উর রশিদ, নীলফামারী:
নীলফামারীতে জুলাই শহিদ দিবস উপলক্ষে জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।
বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল ১০ টায় নীলফামারী প্রেস ক্লাবের সামনে অবস্থিত জুলাই স্মৃতিস্তম্ভে রাষ্ট্রের পক্ষে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান।
এরপর একে এক পুষ্পস্তবক অর্পণ করেন পুলিশ সুপার, জেলা পরিষদ, রাজনৈতিক দলসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।
পুষ্পস্তবক অর্পণ ও দোয়া মাহফিল শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।
সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, বাংলাদেশের ইতিহাসে জুলাই একটি অনন্য অধ্যায়। দেশের গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাসে এই আত্মত্যাগ চিরস্মরণীয় হয়ে থাকবে।
তিনি বলেন, ১৯৫২ সালের ভাষা আন্দোলন, ১৯৬৯-এর গণঅভ্যুত্থান, ১৯৭১-এর মহান মুক্তিযুদ্ধ, ১৯৯০-এর স্বৈরাচারবিরোধী আন্দোলনের ধারাবাহিকতায় ২০২৪ সালের গণআন্দোলনও বাংলাদেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে স্মরণীয় হয়ে থাকবে।
এসময় জেলা পুলিশ সুপার মোঃ ফরহাদ হোসেন খাঁন, জেলা পরিষদ প্রশাসক মিজানুর রহমান চৌধূরী, অতিরিক্ত জেলা প্রশাসক নুজহাত তাসনীম আওন, জেলা শিক্ষা অফিসার মোঃ হাফিজুর রহমানসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক- সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

