জাহাঙ্গীর আলম, মির্জাপুর টাঙ্গাইল প্রতিনিধি:
টাঙ্গাইল-৭ (মির্জাপুর) আসনের সংসদ সদস্য আবুল কালাম আজাদ সিদ্দিকীর উত্থাপিত দাবির পরিপ্রেক্ষিতে বাঁশতৈল ইউনিয়নের পাহাড়ি জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ২০ শয্যার একটি হাসপাতাল স্থাপনের আশ্বাস দিয়েছে সরকার।
জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে সংসদ সদস্য আবুল কালাম আজাদ সিদ্দিকী বাঁশতৈল ইউনিয়নের পাহাড়ি অঞ্চলের মানুষের দীর্ঘদিনের
চিকিৎসাসেবার সংকট তুলে ধরে সেখানে একটি হাসপাতাল প্রতিষ্ঠার দাবি জানান। জবাবে সংশ্লিষ্ট মন্ত্রী জানান, পাহাড়ি জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা সম্প্রসারণের লক্ষ্যে চলতি অর্থবছরেই ওই এলাকায় ২০ শয্যার একটি হাসপাতাল প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হবে।
সংসদে মন্ত্রীর এ ঘোষণাকে স্বাগত জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। তাদের মতে, হাসপাতালটি প্রতিষ্ঠিত হলে দুর্গম এলাকার মানুষ সহজে চিকিৎসাসেবা পাবেন এবং জরুরি স্বাস্থ্যসেবা, মাতৃ ও শিশুচিকিৎসাসহ বিভিন্ন ক্ষেত্রে দীর্ঘদিনের ভোগান্তির অবসান হবে।
এলাকাবাসী আশা প্রকাশ করেছেন, ঘোষণার দ্রুত বাস্তবায়নের মাধ্যমে বাঁশতৈল ইউনিয়নের পাহাড়ি জনগোষ্ঠীর জন্য মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত হবে।

