বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছেন সংগঠনটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহ-সভাপতি (ভিপি) সাদিক কায়েম।
সোমবার (১৩ জুলাই) ছাত্রশিবিরের কেন্দ্রীয় এক নেতা বিষয়টি নিশ্চিত করেন।
এর আগে প্রায় দুই মাস আগে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী হিসেবে সাদিক কায়েমের নাম ঘোষণা করা হয়। পরে ছাত্রশিবির জানায়, সংগঠনের দায়িত্বে থেকে কোনো রাজনৈতিক দলের প্রার্থী হওয়া তাদের নীতিমালার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।
ছাত্রশিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি এস এম ফরহাদ জানান, চলতি সাংগঠনিক সেশনের ষান্মাসিক পুনর্গঠনের অংশ হিসেবে সাদিক কায়েমসহ কেন্দ্রীয় কমিটির কয়েকজন সম্পাদক দায়িত্ব থেকে অব্যাহতি নিয়েছেন। তাদের মধ্যে রয়েছেন মিডিয়া সম্পাদক মুতাসিম বিল্লাহ শাহেদী, এইচআরডি সম্পাদক শরীফ মাহমুদ, ছাত্র অধিকার সম্পাদক মুহিবুর রহমান মুহিব, প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্ট সম্পাদক রিয়াজুল ইসলাম, ব্যবসায় শিক্ষা সম্পাদক নুরুল হুদা, পাঠাগার সম্পাদক আরাফাত হোসেন মিলন, বিতর্ক সম্পাদক হাবিবুর রহমান আরমান এবং দাওয়াহ সম্পাদক শাহীন আহমেদ।
সাদিক কায়েম বর্তমানে ডাকসুর ভিপি হিসেবে দায়িত্ব পালন করছেন। ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে মাঠপর্যায়ে সমন্বয়কের ভূমিকায়ও তিনি সক্রিয় ছিলেন।
খাগড়াছড়ির বায়তুশ শরফ জব্বারিয়া আদর্শ মাদরাসা থেকে দাখিল এবং বায়তুশ শরফ আদর্শ কামিল মাদরাসা থেকে আলিম সম্পন্ন করার পর তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগে ভর্তি হন। একই বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।

