আসন্ন স্থানীয় সরকার নির্বাচন পরিচালনায় জাতীয় নির্বাচনের অভিজ্ঞতাকে কাজে লাগানোর পরিকল্পনা করেছে নির্বাচন কমিশন (ইসি)। কমিশনের মতে, ভোটকেন্দ্র পরিচালনা, প্রশাসনিক সমন্বয় এবং সামগ্রিক নির্বাচন ব্যবস্থাপনায় জাতীয় নির্বাচনের অভিজ্ঞতা স্থানীয় সরকার নির্বাচনে ইতিবাচক ভূমিকা রাখবে।
বুধবার (৮ জুলাই) রাজধানীর একটি হোটেলে নির্বাচন পর্যবেক্ষণ, নির্বাচন ব্যবস্থা সংস্কার এবং ভবিষ্যৎ নির্বাচন নিয়ে অংশীজনদের সঙ্গে আয়োজিত এক সংলাপে এসব কথা বলেন নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ।
তিনি বলেন, জাতীয় ও স্থানীয় সরকার নির্বাচন ভিন্ন ধরনের হলেও জাতীয় নির্বাচনে অর্জিত অভিজ্ঞতা বিশ্লেষণ করে স্থানীয় নির্বাচনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। বিশেষ করে ভোটকেন্দ্র নির্ধারণ, কেন্দ্র পরিচালনা এবং নির্বাচন-সংশ্লিষ্ট বিভিন্ন সাংগঠনিক কার্যক্রমে সেই অভিজ্ঞতার প্রতিফলন ঘটানো হবে।
নির্বাচন কমিশনার জানান, স্থানীয় সরকার নির্বাচনের বিধিমালা হালনাগাদের কাজ চলছে। পাশাপাশি কমিশনের নিজস্ব মূল্যায়নের পাশাপাশি নির্বাচন পর্যবেক্ষক সংস্থাগুলোর সুপারিশও গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে, যাতে ভবিষ্যতের নির্বাচন আরও কার্যকর, স্বচ্ছ ও গ্রহণযোগ্য করা যায়।
তিনি আরও বলেন, জাতীয় ও স্থানীয় সরকার নির্বাচন পৃথক আইনি কাঠামোর আওতায় অনুষ্ঠিত হয়। এ কারণে বিদ্যমান আইন ও বিধিমালা পর্যালোচনা করে প্রয়োজনীয় সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। একই সঙ্গে সর্বশেষ জাতীয় নির্বাচন নিয়ে কমিশনের অভ্যন্তরীণ মূল্যায়নও সম্পন্ন হয়েছে বলে জানান তিনি।

