ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে ব্যাপক প্রাণহানি ও ক্ষয়ক্ষতির ঘটনায় গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শুক্রবার (২৬ জুন) দেওয়া এক শোকবার্তায় প্রধানমন্ত্রী বলেন, ভেনেজুয়েলায় শক্তিশালী ভূমিকম্পে বহু মানুষের প্রাণহানি এবং ব্যাপক ধ্বংসযজ্ঞের সংবাদে বাংলাদেশ গভীরভাবে মর্মাহত।
তিনি নিহতদের পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জানান এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন। একই সঙ্গে এই দুর্যোগপূর্ণ সময়ে ভেনেজুয়েলার জনগণের প্রতি বাংলাদেশের সংহতি ও সমর্থনের কথাও পুনর্ব্যক্ত করেন।
প্রধানমন্ত্রী বলেন, এই কঠিন সময়ে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে রয়েছে বাংলাদেশ। তিনি ভেনেজুয়েলা সরকার ও জনগণের জন্য ধৈর্য, সাহস এবং দ্রুত পুনরুদ্ধারের প্রত্যাশা ব্যক্ত করেন।
উল্লেখ্য, গত বুধবার সন্ধ্যায় ভেনেজুয়েলায় স্বল্প সময়ের ব্যবধানে দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। রাজধানী কারাকাসসহ দেশের বিভিন্ন অঞ্চলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। সর্বশেষ সরকারি হিসাবে এ দুর্যোগে ২৩৫ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
ভেনেজুয়েলার স্বাস্থ্যমন্ত্রী কার্লোস আলভারাদো জানিয়েছেন, উদ্ধার হওয়া অনেক আহত ব্যক্তির অবস্থা ছিল অত্যন্ত সংকটাপন্ন। তাদের মধ্যে অনেকে হাসপাতালে পৌঁছানোর আগেই কিংবা চিকিৎসা শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যেই মারা যান।

