শাহজাহান আলী মনন, নীলফামারী জেলা প্রতিনিধি:
নীলফামারীর সৈয়দপুর শহরের অদূরে সৈয়দপুর-নীলফামারী রেললাইন থেকে অজ্ঞাত পরিচয় এক বৃদ্ধের লাশ উদ্ধার করা হয়েছে। ওয়াপদা নতুন হাট নেহালপাড়া মঙ্গলবার (২৩ জুন) এলাকায় এই ঘটনা ঘটেছে। মাথায় রক্তাক্ত আঘাতের চিহ্ন অনুযায়ী ধারণা করা হচ্ছে ট্রেন দূর্ঘটনায় তার মৃত্যু হয়েছে। তবে কখন কোন ট্রেনে ঘটেছে তা নিশ্চিত হওয়া যায়নি।
মৃতের মাথায় রক্তাক্ত জখমের চিহ্ন রয়েছে। এছাড়া সারা শরীরে আর কোন আঘাতের চিহ্ন নেই। পড়নে সবুজ খয়েরী রংয়ের চেক লুঙ্গি ও সুরমা রংয়ের শর্ট পাঞ্জাবি পরিহিত। সাথে একটা কাপড়ের ব্যাগে কয়েকটি জামা-লুঙ্গি, কিছু খুচরা টাকা এবং একটা চাদর আছে। বয়স আনুষ্ঠানিক ৬৫ বছর। রংপুর থেকে আগত পিবিআই টিম মৃত ব্যাক্তির পরিচয় সনাক্তে নানা চেষ্টা করেও সফল না হওয়ায় সিআইডি টিম ডাকা হয়েছে।
ওয়াপদা নতুন হাট নেহালপাড়ার হৃদয় জানান, প্রতিদিনের মত আজ সকল ৮ টার দিকে রেললাইনের পাড়ে গিয়ে দেখি লোকটা মুখ থুবড়ে পড়ে আছে। মাথার আঘাতে রক্ত জমাট বেঁধে গেছে। মারা গেছে বুঝতে পেরে এলাকাবাসী ও ৯৯৯ নম্বরে পুলিশকে খবর দেই। প্রায় ২ ঘন্টা পর সৈয়দপুর রেলওয়ে থানা পুলিশ এসে লাশ উঠিয়ে মহল্লায় নিয়ে আসে। এখন পিআইবি এসে পরিচয় নিশ্চিত হওয়ার চেষ্টা করছে।
হৃদয়সহ এলাকাবাসী অনেকে জানান, লোকটাকে প্রায়ই রেললাইন দিয়ে হেটে যেতে দেখেছে। কিন্তু তিনি কখনো কারো সাথে কথা বলতেন না। হয়তো বাক প্রতিবন্ধী ছিলেন। সম্ভবত ভিক্ষা করতেন। কিন্তু তার নাম ঠিকানা জানতে পারিনি। জানার ইচ্ছে হয়নি। তবে মনে হয় ঢেলাপীরের দিকে বা নীলফামারী সদর উপজেলার কোন এলাকায় হবে।
ঘটনাস্থলে উপস্থিত সৈয়দপুর রেলওয়ে থানার এসআই জনক চন্দ্র রায় বলেন, খবর পেয়ে এসেছি। নিহত ব্যক্তির পরিচয় না পাওয়ায় পিবিআই কে খবর দিলে দুই সদস্য এসে নানা প্রক্রিয়ায় সনাক্তের চেষ্টা করেছেন। কিন্তু কাজ না হওয়ায় সিআইডি টিম ডাকা হয়েছে। এর আগে বিভিন্ন মাধ্যমে নিহতের ছবি দিয়ে পরিচয় নিশ্চিতের জন্য আমরা চেষ্টা করেছি। এখনও এনিয়ে কোন আশাজনক খবর পাওয়া যায়নি।
সৈয়দপুর রেলওয়ে থানার অফিসার ইনচার্জ জুলফিকার আলি মুঠোফোনে বলেন, সিআইডি এসেও যদি পরিচয় নিশ্চিত না হওয়া যায় তাহলে অজ্ঞাত পরিচয় হিসেবেই লাশ দাফন করা হবে। এর আগে এঘটনায় একটা অপমৃত্যু মামলা করা হবে। পরিচয়ের মত ঘটনার সময় ও ট্রেন বিষয়েও কোন তথ্য নিশ্চিত হওয়া যায়নি।

