সৌদি আরবে একটি সিনেমার শুটিং চলাকালে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন জনপ্রিয় মার্কিন অভিনেতা জিয়ানকার্লো এসপোসিতো। বিষয়টি জানিয়েছেন সৌদি আরবের জেনারেল এন্টারটেইনমেন্ট অথরিটির চেয়ারম্যান তুর্কি আল–শেখ।
সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’-এ প্রকাশিত এক পোস্টে তিনি জানান, শুটিংয়ের সময়ই এসপোসিতো ইসলাম গ্রহণ করেন এবং পরে সহকর্মীদের সঙ্গে একটি মসজিদে নামাজও আদায় করেন। এ ঘটনার একটি ভিডিও ইতোমধ্যে অনলাইনে ছড়িয়ে পড়েছে, যা নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।
৬৭ বছর বয়সী জিয়ানকার্লো এসপোসিতো জন্মগ্রহণ করেন ডেনমার্কের কোপেনহেগেনে। তার বাবা ইতালীয় বংশোদ্ভূত এবং মা ছিলেন আফ্রিকান-আমেরিকান অপেরা শিল্পী। শৈশবে পরিবারসহ যুক্তরাষ্ট্রে চলে যান তিনি এবং মাত্র আট বছর বয়সে ব্রডওয়ে মঞ্চে অভিনয়ের মাধ্যমে ক্যারিয়ার শুরু করেন।
পরে স্পাইক লির একাধিক সিনেমা এবং জনপ্রিয় টেলিভিশন সিরিজ ‘ব্রেকিং ব্যাড’-এ গাস ফ্রিঞ্জ চরিত্রে অভিনয় করে বিশ্বজুড়ে খ্যাতি অর্জন করেন এসপোসিতো। এই চরিত্রটিকে টেলিভিশন ইতিহাসের অন্যতম স্মরণীয় খলনায়ক হিসেবে বিবেচনা করা হয়।
ক্যাথলিক পরিবারে বড় হওয়া এই অভিনেতা আগেও আধ্যাত্মিকতা ও ধর্মীয় বিষয়ে আগ্রহের কথা প্রকাশ করেছিলেন। বিভিন্ন সাক্ষাৎকারে তিনি পুরোহিত হওয়ার ইচ্ছার কথাও জানিয়েছিলেন।
সৌদি আরবে অবস্থানকালে মুসলিম সহকর্মীদের সঙ্গে কাজ এবং স্থানীয় সংস্কৃতি ও পরিবেশ তার সিদ্ধান্তে প্রভাব ফেলেছে বলে জানানো হয়েছে। বিষয়টি নিয়ে আন্তর্জাতিক বিনোদন অঙ্গনে ইতোমধ্যে ব্যাপক প্রতিক্রিয়া তৈরি হয়েছে।

