সত্যজিৎ দাস (মৌলভীবাজার):
মৌলভীবাজারের বড়লেখা উপজেলার দক্ষিণভাগ ইউনিয়ন (দক্ষিণ) পরিষদ প্রাঙ্গণে মঙ্গলবার (২৩ জুন) মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। অভিযানে নেতৃত্ব দেন বড়লেখার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব নাঈমা নাদিয়া।
মোবাইল কোর্ট সূত্রে জানা যায়,অভিযানকালে মাদকদ্রব্য ক্রয় ও বহনের দায়ে মোহাম্মদ আলী (৪২) নামে এক ব্যক্তিকে দোষী সাব্যস্ত করা হয়। তিনি উপজেলার মাধবগুল এলাকার কাঠালতলীর বাসিন্দা এবং সুবেদার খলিল উদ্দিনের পুত্র। এ অপরাধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন,২০১৮-এর ৩৬(৫) ধারায় তাকে ১০০ টাকা অর্থদণ্ড এবং ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাঈমা নাদিয়া বলেন,“মাদক সমাজের জন্য একটি ভয়াবহ ব্যাধি। মাদকের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। যুবসমাজকে মাদকের ক্ষতিকর প্রভাব থেকে রক্ষা করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। আইনশৃঙ্খলা রক্ষা এবং মাদকমুক্ত সমাজ গঠনে সকলের সহযোগিতা প্রয়োজন।”
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বার্থে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

