ইরানের পার্লামেন্ট স্পিকার ও প্রধান আলোচক মোহাম্মদ বাঘের গালিবাফ দাবি করেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে কূটনৈতিক আলোচনায় ইরান এখনো শক্ত অবস্থান বজায় রেখেই এগোচ্ছে।
বৃহস্পতিবার (১৮ জুন) রাষ্ট্রীয় গণমাধ্যম প্রেস টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, যুদ্ধক্ষেত্রে ইরানের অর্জিত সাফল্যই বর্তমানে চলমান আলোচনার ভিত্তি তৈরি করেছে।
গালিবাফের মতে, আগের তুলনায় বর্তমান আলোচনার পরিস্থিতি ভিন্ন। তিনি বলেন, এখনকার কূটনৈতিক প্রক্রিয়ার পেছনে যুদ্ধক্ষেত্রে অর্জিত সাফল্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে, যা সংশ্লিষ্ট সব পক্ষই স্বীকার করেছে।
তিনি আরও বলেন, এই সামরিক অর্জনকে একটি স্থায়ী রাজনৈতিক ও আইনি সমঝোতায় রূপান্তর করা জরুরি, যাতে ইরানের জাতীয় স্বার্থ দীর্ঘমেয়াদে সুরক্ষিত থাকে।
তার ভাষায়, কোনো যুদ্ধ সামরিকভাবে শেষ হলেও যদি তা চূড়ান্তভাবে রাজনৈতিক ও আইনি চুক্তিতে পরিণত না হয়, তাহলে সেই অর্জন পূর্ণতা পায় না এবং রাষ্ট্রীয়ভাবে সীমিত সুফল বয়ে আনে।
এদিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে বহু আলোচিত সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে বলে দুই দেশের পক্ষ থেকেই নিশ্চিত করা হয়েছে। সরাসরি বৈঠকের পরিবর্তে ডিজিটাল প্ল্যাটফর্মে ইলেকট্রনিক স্বাক্ষরের মাধ্যমে চুক্তিটি সম্পন্ন হয় বলে জানা গেছে।
চুক্তিতে হরমুজ প্রণালিতে নৌ চলাচল স্বাভাবিক করা এবং ইরানের ওপর আরোপিত কিছু আর্থিক নিষেধাজ্ঞা শিথিল করার বিষয় অন্তর্ভুক্ত রয়েছে।
বিশ্লেষকদের মতে, এই সমঝোতাকে ইরানের জন্য একটি কূটনৈতিক অর্জন হিসেবে দেখা হচ্ছে, যেখানে সামরিক সাফল্যকে রাজনৈতিক ও অর্থনৈতিক সুবিধায় রূপান্তরের চেষ্টা লক্ষ্য করা যায়।

