সারাদেশে এবার থেকে অভিন্ন প্রশ্নপত্রে বোর্ড পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। বৃহস্পতিবার (১৮ জুন) সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।
শিক্ষামন্ত্রী বলেন, পরীক্ষাব্যবস্থায় স্বচ্ছতা ও সমতা নিশ্চিত করতে এখন থেকে বোর্ড পরীক্ষাগুলোতে একটি অভিন্ন প্রশ্নপত্র ব্যবহার করা হবে। এতে করে শিক্ষার্থীদের মধ্যে সমান সুযোগ তৈরি হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
তিনি আরও জানান, প্রথম শ্রেণিতে ভর্তি পরীক্ষার ক্ষেত্রে বড় ধরনের পরিবর্তন আনা হচ্ছে। এখন থেকে সেখানে নামমাত্র মূল্যায়ন বা সীমিত পর্যায়ের যাচাই ছাড়া কোচিংনির্ভর কোনো প্রতিযোগিতামূলক ভর্তি পরীক্ষা থাকবে না।
সংবাদ সম্মেলনে তিনি শিক্ষার্থীদের সৃজনশীলতা ও উদ্ভাবনী দক্ষতা বাড়াতে সরকারের বিভিন্ন উদ্যোগের কথাও তুলে ধরেন। এর মধ্যে রয়েছে স্টার্ট-আপ, সায়েন্স প্রজেক্ট এবং ইনোভেশন শোকেসিং কার্যক্রম, যার চূড়ান্ত পর্ব আগামী ২৯ জুন চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হবে।
এ সময় শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ জানান, প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে প্রধানমন্ত্রী তারেক রহমান উপস্থিত থাকবেন।
প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা ড. মাহদী আমিন বলেন, সরকার সার্টিফিকেটনির্ভর শিক্ষা নয়, বরং বাস্তব জীবনের সঙ্গে সম্পৃক্ত ও সুনাগরিক তৈরির শিক্ষাব্যবস্থা গড়ে তুলতে কাজ করছে।
তিনি আরও জানান, প্রাথমিক পর্যায়ে ‘লার্নিং উইথ হ্যাপিনেস’ কার্যক্রম শুরু করা হয়েছে, যা পর্যায়ক্রমে অন্যান্য শ্রেণিতেও সম্প্রসারণ করা হবে। পাশাপাশি বিদ্যালয়গুলোতে গণিত ও বিজ্ঞান ল্যাব স্থাপন এবং খেলাধুলার সুযোগ বাড়ানোর পরিকল্পনাও রয়েছে।

