জরুরি স্বাস্থ্যসেবা সম্প্রসারণের অংশ হিসেবে দেশের ১০টি জেলা সদর হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) চালু করা হচ্ছে। জরুরি রেসপন্স ও মহামারি প্রস্তুতি (ইআরপিপি) প্রকল্পের আওতায় স্থাপিত এসব আইসিইউ ইউনিটের উদ্বোধন করবেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, নতুন আইসিইউ সুবিধা চালুর ফলে সংশ্লিষ্ট জেলার গুরুতর অসুস্থ শিশু ও প্রাপ্তবয়স্ক রোগীরা নিজ নিজ এলাকায় উন্নত চিকিৎসা সেবা গ্রহণের সুযোগ পাবেন। এতে সংকটাপন্ন রোগীদের চিকিৎসার জন্য রাজধানী বা বড় শহরের হাসপাতালের ওপর নির্ভরশীলতা কমবে বলে আশা করা হচ্ছে।
যেসব হাসপাতালে আইসিইউ ইউনিট চালু হচ্ছে সেগুলো হলো—মুন্সীগঞ্জ ২৫০ শয্যা জেলা হাসপাতাল, টাঙ্গাইল ২৫০ শয্যা জেলা হাসপাতাল, সুনামগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতাল, গোপালগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল, চুয়াডাঙ্গা জেলা হাসপাতাল, নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতাল, যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল, শেরপুর ২৫০ শয্যা জেলা সদর হাসপাতাল, মাদারীপুর জেলা হাসপাতাল এবং বাগেরহাট জেলা হাসপাতাল।
মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, প্রতিটি আইসিইউ ইউনিটে আধুনিক চিকিৎসা সরঞ্জাম স্থাপন করা হয়েছে। এর মধ্যে রয়েছে পেডিয়াট্রিক ভেন্টিলেটর, অক্সিজেন কনসেন্ট্রেটরসহ বিভিন্ন জরুরি চিকিৎসা উপকরণ। একই সঙ্গে ইউনিটগুলো পরিচালনার জন্য চিকিৎসক, নার্স ও অন্যান্য প্রয়োজনীয় জনবল নিয়োগ দেওয়া হয়েছে।
সংশ্লিষ্ট কর্মকর্তাদের মতে, জেলা পর্যায়ে সংকটাপন্ন রোগীদের জন্য আধুনিক চিকিৎসা সুবিধা নিশ্চিত করার পাশাপাশি এ উদ্যোগ দেশের জরুরি স্বাস্থ্যসেবা ব্যবস্থাকে আরও শক্তিশালী করবে। ভবিষ্যতে মহামারি বা অন্যান্য স্বাস্থ্যঝুঁকিপূর্ণ পরিস্থিতি মোকাবিলায়ও এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
উল্লেখ্য, ইআরপিপি প্রকল্পের প্রধান লক্ষ্য হলো স্বাস্থ্যখাতের জরুরি সাড়া দেওয়ার সক্ষমতা বৃদ্ধি এবং মহামারি ও দুর্যোগ মোকাবিলায় প্রস্তুতি জোরদার করা। জেলা পর্যায়ে আইসিইউ সুবিধা চালু করা এ প্রকল্পের অন্যতম গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।

