২০২৬–২৭ অর্থবছরের প্রস্তাবিত জাতীয় বাজেটের অর্থবিলে স্বাক্ষর করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। বৃহস্পতিবার (১১ জুন) বিকেলে জাতীয় সংসদ ভবনের নিজ কার্যালয়ে তিনি এ অনুমোদন দেন।
এর আগে জাতীয় সংসদে বাজেট উপস্থাপন করেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। প্রস্তাবিত বাজেটের আকার ধরা হয়েছে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকা।
বাজেটে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৬ লাখ ৯৫ হাজার কোটি টাকা। এতে ঘাটতি দাঁড়িয়েছে ২ লাখ ৪৩ হাজার কোটি টাকা, যা পূরণে দেশি ও বিদেশি উৎস থেকে ঋণ গ্রহণের পরিকল্পনা রয়েছে।
প্রস্তাব অনুযায়ী, বৈদেশিক উৎস থেকে প্রায় ১ লাখ ১৬ হাজার কোটি টাকা এবং অভ্যন্তরীণ উৎস থেকে ১ লাখ ২৭ হাজার কোটি টাকা সংগ্রহ করা হবে। অভ্যন্তরীণ অর্থায়নের বড় অংশ আসবে ব্যাংক খাত থেকে, পাশাপাশি সঞ্চয়পত্র ও অন্যান্য উৎস থেকেও অর্থ নেওয়া হবে।
আগামী অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধি ৬.৫ শতাংশ এবং মূল্যস্ফীতি ৭.৫ শতাংশে নামিয়ে আনার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

