দেশে বাদ্যযন্ত্র আমদানির ক্ষেত্রে বড় ধরনের শুল্ক ছাড়ের প্রস্তাব দিয়েছে সরকার। নতুন প্রস্তাব অনুযায়ী গিটার, পিয়ানো, ভায়োলিনসহ বিভিন্ন বাদ্যযন্ত্র এবং সংশ্লিষ্ট যন্ত্রাংশ আমদানিতে নিয়ন্ত্রণমূলক শুল্ক প্রত্যাহার করা হবে।
বৃহস্পতিবার (১১ জুন) জাতীয় সংসদে ২০২৬–২৭ অর্থবছরের বাজেট উপস্থাপনের সময় এ প্রস্তাব তুলে ধরেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী।
সরকারের পক্ষ থেকে জানানো হয়, এ সিদ্ধান্তের ফলে সংগীত শিক্ষা, সাংস্কৃতিক চর্চা এবং বিনোদন শিল্পে ব্যবহৃত যন্ত্রপাতি আরও সহজলভ্য হবে। এতে নতুন প্রজন্মের সঙ্গীতচর্চার সুযোগও বাড়বে বলে আশা করা হচ্ছে।
সংশ্লিষ্টদের মতে, শুল্ক প্রত্যাহারের ফলে আন্তর্জাতিক বাজার থেকে বাদ্যযন্ত্র আমদানির ব্যয় কমবে, যা দেশের সংগীত ও সাংস্কৃতিক খাতে ইতিবাচক প্রভাব ফেলতে পারে।

