সত্যজিৎ দাস, মৌলভীবাজার:
সরকারের সাম্প্রতিক পুলিশ প্রশাসনের রদবদলের অংশ হিসেবে মৌলভীবাজার জেলার নতুন পুলিশ সুপার (এসপি) হিসেবে নিয়োগ পেয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. মনিরুল ইসলাম।
বৃহস্পতিবার (১১ জুন) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ নিয়োগাদেশ দেওয়া হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, বর্তমানে মৌলভীবাজার জেলার পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালনরত মো. রিয়াজুল ইসলামকে প্রত্যাহার করে পুলিশ সদরদপ্তরে সংযুক্ত করা হয়েছে। তার স্থলাভিষিক্ত হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে ডিএমপির উপ-পুলিশ কমিশনার মো. মনিরুল ইসলামকে।
একই প্রজ্ঞাপনে দেশের পাঁচটি জেলার পুলিশ সুপার পদে রদবদলের তথ্য জানানো হয়। জেলাগুলো হলো— পঞ্চগড়, মৌলভীবাজার, নোয়াখালী, ঝিনাইদহ ও ফেনী।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে জারি করা প্রজ্ঞাপনে উপসচিব নাসরীন সুলতানা স্বাক্ষর করেন।
রদবদলের আওতায় ডিএমপির উপ-পুলিশ কমিশনার মো. আবু সাইমকে পঞ্চগড়ের পুলিশ সুপার, ডিএমপির ডিসি (মিডিয়া) এন এম নাসিরুদ্দিনকে নোয়াখালীর পুলিশ সুপার এবং ডিএমপির ডিসি (প্রসিকিউশন) মিয়া মোহাম্মদ আশিস বিন হাছানকে ঝিনাইদহের পুলিশ সুপার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
এ ছাড়া সিআইডির বিশেষ পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদারকে ফেনী জেলার পুলিশ সুপার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
সংশ্লিষ্ট মহলের মতে, পুলিশ প্রশাসনের এ রদবদলের মাধ্যমে সংশ্লিষ্ট জেলাগুলোতে আইন-শৃঙ্খলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ এবং জনসেবামূলক কার্যক্রম আরও গতিশীল হবে।

