নাজমুল হোসেন, ঠাকুরগাঁও প্রতিনিধি:
নবগঠিত ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ইসরাফিল শাহিনের সঙ্গে রাণীশংকৈলে সাংবাদিকদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার রাণীশংকৈল প্রেসক্লাবের উদ্যোগে প্রেসক্লাবের সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি আশরাফুল আলম।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ইসরাফিল শাহিন।
এ সময় উপস্থিত ছিলেন রাণীশংকৈল ডিগ্রি কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ তাজুল ইসলাম, পৌর বিএনপির সভাপতি অধ্যাপক শাহজাহান আলী, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এম. আর. বকুল মজুমদার, রাণীশংকৈল মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ মহাদেব বসাক, সিনিয়র সাংবাদিক ছবিকান্ত দেব, আনিসুর রহমান বাকী, নুরুল হক, প্রেসক্লাবের সাবেক সভাপতি মোবারক আলী ও ফারুক আহমেদ, সাবেক সাধারণ সম্পাদক বিপ্লবসহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা।
রাণীশংকৈল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক খুরশিদ আলম শাওন সভাটি সঞ্চালনা করেন।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মো. ইসরাফিল শাহিন বলেন, “ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়কে একটি আধুনিক ও আন্তর্জাতিক মানের উচ্চশিক্ষা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলা হবে। এখানে শিক্ষক নিয়োগসহ সব ধরনের প্রশাসনিক কার্যক্রম স্বচ্ছতা ও জবাবদিহিতার ভিত্তিতে পরিচালিত হবে। বিশ্ববিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়নও পরিকল্পিত ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করা হবে।”
তিনি আরও বলেন, “বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়ন ও মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে সমাজের সব শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা প্রয়োজন। এ ক্ষেত্রে গণমাধ্যমকর্মীদের গঠনমূলক পরামর্শ ও সহযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
সকলের মতামত ও সহযোগিতার ভিত্তিতে একটি যুগোপযোগী ও মানসম্মত বিশ্ববিদ্যালয় গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

