ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে পড়ে শিশু ও নারীসহ চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ৩০ জন যাত্রী আহত হয়েছেন। সোমবার (৮ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের সরাইল উপজেলার শাহবাজপুর বৈশামুড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী রবিউল হোসেন জানান, মাধবপুর থেকে ব্রাহ্মণবাড়িয়ার উদ্দেশ্যে ছেড়ে আসা ‘দিগন্ত পরিবহণ’-এর একটি বাস বৈশামুড়া এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারান। এতে বাসটি সড়ক থেকে ছিটকে পড়ে পাশের খাদে উল্টে যায়। দুর্ঘটনার সময় বাসের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই চারজন যাত্রীর মৃত্যু হয়।
পুলিশ সূত্রে জানা যায়, দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয় বাসিন্দা ও ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করেন। আহতদের উদ্ধার করে সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালসহ বিভিন্ন স্থানীয় ক্লিনিকে পাঠানো হয়েছে। গুরুতর আহত কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য জেলা সদরে স্থানান্তর করা হয়েছে।
নিহতরা হলেন—সরাইল উপজেলার শাহবাজপুর গ্রামের মুন্সি আরশ আলী ও শিশু আলিফ, ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার পাইকপাড়ার মৌসুমী দাস এবং নবীনগর উপজেলার ইব্রাহিমপুর গ্রামের সেতু মজুমদারের ছেলে তনয় কুমার মজুমদার।
খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু তাহের দেওয়ান দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

