শহীদুজ্জামান শিমুল, সাতক্ষীরা :
সাতক্ষীরা শহরের পলাশপোল এলাকায় পৈত্রিক দোকানঘর অবৈধভাবে দখলের উদ্দেশ্যে হামলা, ভাঙচুর ও মারধরের অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন এক ভুক্তভোগী পরিবার।
সোমবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন দক্ষিণ পলাশপোল গ্রামের আব্দুল ওহাব সরদারের ছেলে কামরুল ইসলাম বকুল।
লিখিত বক্তব্যে তিনি জানান, সাতক্ষীরা পৌর এলাকার পলাশপোল মৌজায় পৈত্রিক সূত্রে প্রাপ্ত প্রায় দেড় শতক জমিতে দোকানঘর নির্মাণ করে দীর্ঘদিন ধরে তিনি ব্যবসা পরিচালনা করে আসছেন। সিএস, এসএ ও বিআরএস খতিয়ান অনুযায়ী জমিটি তাদের নামে এবং নিয়মিত খাজনাও পরিশোধ করা হচ্ছে বলে দাবি করেন তিনি।
তিনি অভিযোগ করে বলেন, ২০২৫ সাল থেকে দক্ষিণ পলাশপোল এলাকার কয়েকজন ব্যক্তি দোকানঘরটি দখলের চেষ্টা শুরু করে। এরই ধারাবাহিকতায় ০১ জুন ২০২৬ সকালে তারা অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে দোকানে প্রবেশ করে ভাঙচুর ও লুটপাট চালায়। বাধা দিতে গেলে তাকে মারধর করা হয় এবং প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলেও তিনি অভিযোগ করেন।
সংবাদ সম্মেলনে তিনি আরও দাবি করেন, হামলাকারীরা নগদ অর্থসহ প্রায় তিন লাখ টাকার ক্ষয়ক্ষতি করেছে।
ভুক্তভোগী বলেন, “নিজের পৈত্রিক সম্পত্তিতে শান্তিপূর্ণভাবে ব্যবসা করা এখন কঠিন হয়ে পড়েছে। মনে হচ্ছে আমরা মধ্যযুগে বসবাস করছি।”
তিনি ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং পৈত্রিক সম্পত্তি রক্ষায় সাতক্ষীরার জেলা প্রশাসক ও পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা করেন।

