চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় পুত্রবধূকে ধর্ষণের অভিযোগে শ্বশুরকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার ভোর ৪টার দিকে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানায় পুলিশ।
গ্রেপ্তার ব্যক্তির নাম ওমর আলী (৫৯)। তিনি উপজেলার নতিপোতা গ্রামের বাসিন্দা।
পুলিশ ও ভুক্তভোগীর পারিবারিক সূত্রে জানা যায়, গত ২০ মে সকালে শিশু সন্তানকে নিয়ে যাওয়ার কথা বলে ভুক্তভোগী পুত্রবধূর ঘরে প্রবেশ করেন শ্বশুর ওমর আলী। এ সময় তাকে জোরপূর্বক ধর্ষণ করা হয় বলে অভিযোগ করা হয়েছে।
ঘটনার পর বিষয়টি পরিবারের কাছে জানানো হলেও কোনো বিচার না পেয়ে ভুক্তভোগী নারী পরে বাবার বাড়ি রংপুরে চলে যান। এরপর ২২ মে তিনি রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন।
দীর্ঘদিন পর বুধবার রাতে তিনি নিজেই বাদী হয়ে দামুড়হুদা থানায় মামলা করেন। পরে বৃহস্পতিবার ভোরে অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ।
দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

