ঈদুল আজহা শেষে দেশের সব আন্তঃনগর ট্রেনে নারীদের জন্য আলাদা কোচ চালুর পরিকল্পনা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন, নৌ ও রেলপথমন্ত্রী শেখ রবিউল আলম।
সোমবার (২৫ মে) রাজধানীর ফার্মগেট এলাকায় প্রবীণ ও বিশেষ চাহিদাসম্পন্ন নাগরিকদের জন্য মেট্রোরেলে ২৫ শতাংশ ভাড়ায় ছাড় সংক্রান্ত কার্ড উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
মন্ত্রী জানান, প্রধানমন্ত্রীর নির্দেশ অনুযায়ী ঈদের সময় নারীদের জন্য আলাদা কোচ ব্যবস্থা চালু করা হয়েছে। এর অংশ হিসেবে চট্টগ্রাম ও সিলেট রুটের দুটি কোচে ইতোমধ্যে নারী যাত্রীদের জন্য পৃথক যাত্রার ব্যবস্থা রাখা হয়েছে।
তিনি আরও বলেন, ঈদের পর ধাপে ধাপে দেশের সব আন্তঃনগর ট্রেনে নারীদের জন্য আলাদা কোচ চালুর পরিকল্পনা রয়েছে।
রেলমন্ত্রী জানান, মেট্রোরেলে প্রবীণ ও প্রতিবন্ধীদের পাশাপাশি শিক্ষার্থীদের জন্যও বিশেষ কার্ড চালুর পরিকল্পনা নেওয়া হচ্ছে।
তিনি বলেন, গণপরিবহনে সবার জন্য নিরাপদ ও সহজ যাতায়াত নিশ্চিত করতে সরকার বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে।

