রাজধানীর মিরপুরের পল্লবীতে আট বছরের শিশু রামিসা হত্যার ঘটনায় আলোচিত মামলায় চার্জশিট দাখিল করেছে পুলিশ।
মামলায় অভিযুক্ত সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেওয়া হয়। এতে সোহেল রানার বিরুদ্ধে ধর্ষণ ও হত্যার অভিযোগ এবং তার স্ত্রীর বিরুদ্ধে হত্যাকাণ্ডে সহযোগিতার অভিযোগ আনা হয়েছে।
রোববার (২৪ মে) দুপুরে মামলার তদন্ত কর্মকর্তা পল্লবী থানার উপ-পরিদর্শক অহিদুজ্জামান ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে চার্জশিট জমা দেন।
মামলার নথি অনুযায়ী, গত ১৯ মে সকালে শিশুটি বাসা থেকে বের হওয়ার পর স্বপ্না আক্তার তাকে কৌশলে ঘরের ভেতরে নিয়ে যায় বলে অভিযোগ রয়েছে। পরে ঘটনাটি ঘটে এবং পরিবারের সদস্যরা শিশুটির মরদেহ উদ্ধার করেন।
ঘটনার পর জাতীয় জরুরি সেবা ৯৯৯–এ কল পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্বপ্নাকে হেফাজতে নেয়। পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকা থেকে সোহেল রানাকে গ্রেফতার করা হয়।
পরবর্তীতে মামলার প্রধান আসামি সোহেল রানা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয় বলে তদন্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়।
এ ঘটনায় পরদিন শিশুটির বাবা বাদী হয়ে পল্লবী থানায় মামলা দায়ের করেন। তদন্ত শেষে পুলিশ দ্রুত চার্জশিট দাখিল করে বিচারিক প্রক্রিয়া শুরু করার সুপারিশ করেছে।

