দেশের বাজারে আবারও স্বর্ণের দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেট স্বর্ণের দাম ২ হাজার ১৫৮ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩৫ হাজার ৯৬৩ টাকা।
শনিবার (২৩ মে) সকালে বাজুস এক বিজ্ঞপ্তির মাধ্যমে নতুন মূল্যতালিকা প্রকাশ করে। সংগঠনটি জানিয়েছে, স্থানীয় বাজারে খাঁটি স্বর্ণের (পিওর গোল্ড) দাম কমে যাওয়ায় সার্বিক বাজার পরিস্থিতি বিবেচনায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন মূল্য আজ সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।
বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের বৈঠকে মূল্য হ্রাসের সিদ্ধান্ত গৃহীত হয়। পরে কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
নতুন দর অনুযায়ী ২১ ক্যারেট স্বর্ণের ভরি ২ হাজার ৯৯ টাকা কমে ২ লাখ ২৫ হাজার ২৩২ টাকা হয়েছে। ১৮ ক্যারেট স্বর্ণের দাম ১ হাজার ৮০৮ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৯৩ হাজার ৩৯ টাকা। এছাড়া সনাতন পদ্ধতির স্বর্ণের ভরি ১ হাজার ৪৫৮ টাকা কমে দাঁড়িয়েছে ১ লাখ ৫৭ হাজার ২৩১ টাকায়।
তবে স্বর্ণের দাম কমলেও রুপার দামে কোনো পরিবর্তন আনা হয়নি। ২২ ক্যারেট রুপার ভরি ৫ হাজার ৬৫৭ টাকা, ২১ ক্যারেট ৫ হাজার ৩৬৫ টাকা, ১৮ ক্যারেট ৪ হাজার ৬০৭ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার ভরি ৩ হাজার ৪৪১ টাকা নির্ধারিত রয়েছে।
উল্লেখ্য, চলতি বছরে এখন পর্যন্ত দেশের বাজারে স্বর্ণের দাম ৬৮ বার সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ৩৬ বার দাম বেড়েছে এবং ৩২ বার কমেছে। এর আগে ২০২৫ সালে মোট ৯৩ বার স্বর্ণের মূল্য সমন্বয় করা হয়েছিল, যার মধ্যে ৬৪ বার দাম বৃদ্ধি এবং ২৯ বার হ্রাস করা হয়েছিল।

