শনিবার (২৩ মে) ময়মনসিংহ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সফরে তিনি জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত জাতীয় অনুষ্ঠান উদ্বোধন করবেন।
সফরসূচি অনুযায়ী, শনিবার সকাল ৯টায় ঢাকা থেকে সড়কপথে ময়মনসিংহের ত্রিশালের উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী। দুপুর ১২টায় তিনি একটি খাল পুনঃখনন প্রকল্পের উদ্বোধন করবেন। পরে বিকেল ৩টায় ত্রিশালের নজরুল অ্যাকাডেমি মাঠে অনুষ্ঠিত জাতীয় নজরুল জন্মজয়ন্তী উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন।
এছাড়া সফরকালে ত্রিশালের নজরুল অডিটোরিয়ামে ময়মনসিংহ উত্তর ও দক্ষিণ জেলা বিএনপির নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেওয়ার কথা রয়েছে তার। দিনের কর্মসূচি শেষে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ঢাকার উদ্দেশে রওনা দেবেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে জেলা প্রশাসন ও সংশ্লিষ্ট সংস্থাগুলো প্রয়োজনীয় সব প্রস্তুতি সম্পন্ন করেছে বলে জানা গেছে।
উল্লেখ্য, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মৃতিধন্য ত্রিশালে দীর্ঘদিন পর এবার জাতীয় পর্যায়ে নজরুল জন্মজয়ন্তী উদযাপন করা হচ্ছে। এ উপলক্ষে তিন দিনব্যাপী নানা আয়োজনের মধ্যে রয়েছে মেলা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। স্থানীয়দের মধ্যে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।

