নেত্রকোণা প্রতিনিধি :
নেত্রকোণায় তিন দিনব্যাপী “ভূমিসেবা মেলা” শুরু হয়েছে। মঙ্গলবার শহরের ছোটবাজার এলাকায় সদর ভূমি অফিস প্রাঙ্গণে মেলার শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসন। ভূমি মন্ত্রণালয়ের নির্দেশনায় আগামী ১৯ থেকে ২১ মে পর্যন্ত সারাদেশে চলবে এই মেলা।
সকালে মেলা প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষ হয়। শোভাযাত্রায় জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমান,জেলা পরিষদ চেয়ারম্যান নুরুজ্জামান নুরু, পুলিশ সুপার তরিকুল ইসলামসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষার্থীসহ জনপ্রতিনিধিগন অংশ করেন।
জেলা প্রশাসক জানান, আধুনিক, স্বচ্ছ ও জনবান্ধব ভূমি ব্যবস্থাপনা নিশ্চিত করতেই এ মেলার আয়োজন। মেলায় নাগরিকদের জন্য অনলাইনে ভূমি উন্নয়ন কর প্রদান, ই-নামজারি আবেদন, খতিয়ানের সার্টিফাইড কপি সংগ্রহ, মৌজা ম্যাপ প্রাপ্তিসহ বিভিন্ন ভূমিসেবা প্রদান করা হবে। এছাড়া ভূমিসেবা সংক্রান্ত অভিযোগ গ্রহণ ও তাৎক্ষণিক সমাধানের ব্যবস্থাও থাকবে।

