ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের ঘোড়াঘাটে গলা কাটা অবস্থায় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৭ মে) দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের দক্ষিণ নয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত আলম মিয়া (৬০) ওই এলাকার মৃত মোখছেদ শেখের ছেলে। তিনি স্থানীয় একটি গাছ ফাড়াই মিলে কাজ করতেন। প্রথম স্ত্রী মারা যাওয়ার পর দ্বিতীয় স্ত্রী রোজিনা বেগমকে নিয়ে নিজ বাড়িতে বসবাস করতেন বলে জানা গেছে।
স্থানীয় সূত্র ও সাবেক কাউন্সিলর সুবহান মণ্ডলের বরাতে জানা যায়, ঘটনার রাতে স্বামী-স্ত্রীর মধ্যে কথাকাটাকাটির একপর্যায়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে। অভিযোগ রয়েছে, এক পর্যায়ে আলম মিয়া স্ত্রীকে মারধর করতে গেলে রোজিনা বেগম আতঙ্কিত হয়ে বাড়ি থেকে বের হয়ে যান।
পরে কিছুক্ষণ পর বাড়িতে ফিরে এসে তিনি উঠানে আলম মিয়াকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। তার মাথায় আঘাতের চিহ্ন ছিল এবং গলা কাটা অবস্থায় তিনি তখনো জীবিত ছিলেন বলে স্থানীয়রা জানান। পরে পরিবারের সদস্যরা তাকে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে ঘোড়াঘাট থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে সুরতহাল শেষে থানায় নিয়ে যায়।
এ বিষয়ে ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, “ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে পুলিশ কাজ করছে। আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।”

