জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের আর্থিক লেনদেন ও আচরণে আরও সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন দলটির আমির ডা. শফিকুর রহমান।
শুক্রবার (১৫ মে) রংপুর মডেল কলেজ মিলনায়তনে রংপুর–দিনাজপুর অঞ্চলের জেলা, উপজেলা ও থানা পর্যায়ের আমিরদের এক সম্মেলনে তিনি এ কথা বলেন।
ডা. শফিকুর রহমান বলেন, জামায়াত এখন রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ অবস্থানে পৌঁছেছে এবং অনেকেই দলটিকে ক্ষমতার প্রতিদ্বন্দ্বী হিসেবে বিবেচনা করছে। তাই নেতাকর্মীদের ওপর নজরদারি আরও বাড়বে বলেও তিনি মন্তব্য করেন।
তিনি আরও বলেন, নেতাকর্মীদের জীবনাচরণ স্বচ্ছ ও সতর্ক হওয়া উচিত। “আমাদের ওপর এখন দুই ধরনের নজরদারি আছে—একটি আল্লাহর, আরেকটি জনগণের,” উল্লেখ করে তিনি বলেন, এই দুই দিক থেকেই জবাবদিহির জায়গা তৈরি হয়েছে।
দলের আমির বলেন, জনগণের আস্থা অর্জনই মূল লক্ষ্য হওয়া উচিত। দেশ ও জাতির প্রতি দায়বদ্ধতা দেখাতে পারলে ভবিষ্যতে বড় রাজনৈতিক সম্ভাবনা তৈরি হবে বলেও তিনি মন্তব্য করেন।
তিনি নেতাকর্মীদের উদ্দেশে বলেন, দল এখন যেহেতু ক্ষমতার প্রতিযোগিতার পর্যায়ে এসেছে, তাই ব্যক্তিগত আচরণ ও কার্যক্রমে সর্বোচ্চ শৃঙ্খলা বজায় রাখতে হবে।
সম্মেলনে কেন্দ্রীয় ও আঞ্চলিক নেতারা উপস্থিত ছিলেন। দিনব্যাপী সফরের অংশ হিসেবে তিনি রংপুরে বিভিন্ন কর্মসূচিতে অংশ নেন।

