জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ, ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল এবং সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর পরিদর্শন করেছেন।
মঙ্গলবার (১২ মে) তারা জাদুঘরের বিভিন্ন প্রদর্শনী ঘুরে দেখেন এবং জুলাই গণঅভ্যুত্থানের সময়কার আন্দোলন, ছাত্র-জনতার অংশগ্রহণ ও আত্মত্যাগের স্মারকসমূহ পর্যবেক্ষণ করেন।
পরিদর্শনের সময় স্পিকার ও ডেপুটি স্পিকার ঐতিহাসিক নিদর্শনগুলো দেখে আবেগাপ্লুত হন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছ থেকে বিভিন্ন ঘটনার পটভূমি সম্পর্কে বিস্তারিত তথ্য নেন।
পরে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে হাফিজ উদ্দিন আহমদ বলেন, জুলাই গণঅভ্যুত্থান দেশের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে স্থান করে নিয়েছে। তার মতে, এই জাদুঘর তরুণ প্রজন্মের সাহস ও আন্দোলনের স্মারক হিসেবে কাজ করবে।
সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী জানান, জাদুঘরের উন্নয়ন কাজ চলমান রয়েছে এবং এটিকে আন্তর্জাতিক মানে উন্নীত করার পরিকল্পনা নেওয়া হয়েছে।
পরিদর্শনকালে সংসদ সচিবালয় ও সংস্কৃতি মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

