বাজারে মধ্যসত্বভোগী ও চাঁদাবাজদের দৌরাত্ম্যের কারণেই দ্রব্যমূল্য অস্থির হয়ে উঠেছে বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় নেতা ও ডা. শফিকুর রহমান।
মঙ্গলবার (১২ মে) সকালে রাজধানীর মিরপুর শাহ আলী পাইকারি বাজার পরিদর্শনে গিয়ে তিনি নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম, সরবরাহ ব্যবস্থা ও সাধারণ মানুষের ভোগান্তির বিষয়ে খোঁজখবর নেন।
এ সময় তিনি বলেন, একটি অসাধু সিন্ডিকেট কৃত্রিম সংকট তৈরি করে বাজারে দ্রব্যমূল্য বাড়িয়ে দিচ্ছে। বাজার নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নিতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি।
জামায়াত আমির আরও বলেন, সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে বাজার পরিস্থিতি রাখতে সংসদের ভেতরে ও বাইরে বিরোধীদল আন্দোলন ও প্রতিবাদ অব্যাহত রাখবে।
বাজার পরিদর্শনে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতৃবৃন্দ, স্থানীয় সংসদ সদস্য ও দলীয় নেতা-কর্মীরা। পরে তারা ব্যবসায়ী ও সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করেন।

