অর্থনৈতিক চাপ মোকাবিলায় ভারতীয় নাগরিকদের আগামী এক বছর স্বর্ণ না কেনার পরামর্শ দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
সোমবার (১১ মে) এক প্রতিবেদনে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য জানায়।
প্রতিবেদনে বলা হয়, চলমান আন্তর্জাতিক উত্তেজনা ও জ্বালানি বাজারের অস্থিরতার প্রেক্ষাপটে এমন আহ্বান জানিয়েছেন তিনি। একই সঙ্গে নাগরিকদের ব্যয়সংকোচন ও অপ্রয়োজনীয় খরচ কমানোর ওপরও জোর দিয়েছেন মোদি।
বিশ্ববাজারে জ্বালানির দাম ওঠানামা করছে, যার পেছনে ইরান-সম্পর্কিত পরিস্থিতি এবং গুরুত্বপূর্ণ সমুদ্রপথে সরবরাহ ব্যাহত হওয়াকে অন্যতম কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে। ভারতের বড় অংশের তরল প্রাকৃতিক গ্যাস (এলএনজি) এই পথে আমদানি করা হয়।
এ অবস্থায় আবারও ওয়ার্ক ফ্রম হোম ব্যবস্থা চালুর পাশাপাশি ভোগ্যপণ্যে সাশ্রয়ের আহ্বান জানান তিনি। খাদ্য ব্যবহারে সংযম এবং ভোজ্যতেলের ব্যবহার কমানোর পরামর্শও দেন ভারতের প্রধানমন্ত্রী।
এছাড়া কৃষি খাতে আমদানি নির্ভরতা কমাতে কৃষকদের দেশীয় সম্পদের ব্যবহার বাড়ানোর আহ্বান জানান তিনি।

