রাজধানীর সুবিধাবঞ্চিত ও অস্বচ্ছল পরিবারের শিক্ষার্থীদের পড়াশোনা এগিয়ে নিতে শিক্ষা ও মেধাবৃত্তি কার্যক্রম শুরু করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)।
সোমবার (১১ মে) দুপুরে গুলশানের নগর ভবনে মেধাবৃত্তির চেক হস্তান্তর অনুষ্ঠানে এ তথ্য জানান ডিএনসিসি প্রশাসক শফিকুল ইসলাম খান।
তিনি বলেন, এবার মোট ৭৩১ জন শিক্ষার্থীকে মেধাবৃত্তি প্রদান করা হচ্ছে। ভবিষ্যতে এ কার্যক্রম আরও বিস্তৃত করা হবে এবং বৃত্তির পরিমাণ বৃদ্ধির পরিকল্পনাও রয়েছে।
প্রশাসক আরও জানান, শুধু নির্বাচিত শিক্ষার্থীরাই নয়, অস্বচ্ছল পরিবারের আরও শিক্ষার্থীদেরও এ সহায়তার আওতায় আনার উদ্যোগ নেওয়া হবে।
এ সময় তিনি ডেঙ্গু প্রতিরোধ নিয়েও সবাইকে সচেতন থাকার আহ্বান জানান। তিনি বলেন, বাসাবাড়ি ও আশপাশে জমে থাকা পানি দ্রুত পরিষ্কার করতে হবে, কারণ এডিস মশা এসব জায়গাতেই জন্ম নেয়।
তিনি নাগরিকদের নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান এবং বলেন, শুধু ওষুধ ছিটিয়ে ডেঙ্গু নিয়ন্ত্রণ সম্ভব নয়, জনসচেতনতা জরুরি।

