সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের কাছিকাটা এলাকার পায়রাটুনি খালে মধু সংগ্রহ করতে গিয়ে বাঘের আক্রমণের শিকার হয়েছেন বাবলু গাজী (৪৮) নামে এক মৌয়াল। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সোমবার (১১ মে) সকালে জেলেরা তাকে উপকূলে নিয়ে আসেন। পরে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। আহত বাবলু গাজী শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের ডুমুরিয়া গ্রামের বাসিন্দা।
সহকর্মী মৌয়ালদের ভাষ্য, মাঝি ইউসুফ গাজীর নেতৃত্বে একটি দল সুন্দরবনের পায়রাটুনি খাল এলাকায় মধু সংগ্রহে যায়। রোববার সকালে হঠাৎ ঝোপের আড়াল থেকে একটি বাঘ এসে বাবলু গাজীর ওপর হামলা চালায়। এ সময় অন্য মৌয়ালরা চিৎকার ও লাঠিসোটা নিয়ে এগিয়ে গেলে বাঘটি সরে যায়।
পরে আহত অবস্থায় তাকে দ্রুত উদ্ধার করে বন থেকে বের করে আনা হয়।
বাবলু গাজীর বাবা মালেক গাজী জানান, হামলায় তার ছেলের শরীরের বিভিন্ন স্থানে গভীর ক্ষত হয়েছে। তবে তিনি এখনো জীবিত থাকায় আল্লাহর কাছে শুকরিয়া জানিয়েছেন।
বন বিভাগ জানিয়েছে, সুন্দরবনে প্রবেশের সময় নিরাপত্তা নির্দেশনা মেনে চলতে বারবার সতর্ক করা হয়। পাশাপাশি আহত মৌয়ালের চিকিৎসার বিষয়েও খোঁজ রাখা হচ্ছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

