ঢাকা মহানগরের সড়কে ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে সিসি ক্যামেরা ও এআই প্রযুক্তি ব্যবহার করে অটো জেনারেটেড নোটিশ পাঠানো শুরু করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
রোববার (৩ মে) ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ট্রাফিক ব্যবস্থাপনা আধুনিকায়ন, যানজট নিরসন এবং সড়ক শৃঙ্খলা নিশ্চিত করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। এখন থেকে রাজধানীর বিভিন্ন সড়কে স্থাপিত সিসি ক্যামেরা ও এআই প্রযুক্তির মাধ্যমে ট্রাফিক আইন লঙ্ঘন শনাক্ত করে ভিডিও ও স্থিরচিত্রের ভিত্তিতে ই-ট্রাফিক প্রসিকিউশন সিস্টেমে স্বয়ংক্রিয় নোটিশ পাঠানো হবে।
নোটিশ পাওয়ার পর সংশ্লিষ্ট গাড়ির মালিক বা চালককে নির্ধারিত সময়ের মধ্যে ডিএমপি ট্রাফিক বিভাগে হাজির হয়ে জরিমানা পরিশোধ করে মামলা নিষ্পত্তি করতে হবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, নোটিশ পাওয়ার পরও কেউ হাজির না হলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা হিসেবে সমন বা গ্রেপ্তারি পরোয়ানা জারির প্রক্রিয়া শুরু হতে পারে, যা স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের মাধ্যমে কার্যকর করা হবে।
ডিএমপি জানিয়েছে, লাল সিগন্যাল অমান্য, স্টপ লাইন অতিক্রম, উল্টো পথে চলাচল, অবৈধ পার্কিং ও যাত্রী ওঠানামায় বাধা সৃষ্টি—এসব অপরাধ সিসি ক্যামেরার মাধ্যমে শনাক্ত করে মামলা করা হচ্ছে।
এছাড়া জরিমানা বা নোটিশের নামে কোনো ধরনের অর্থ লেনদেন বা প্রতারণা থেকে জনগণকে সতর্ক থাকতে বলা হয়েছে। এ ধরনের ঘটনা ঘটলে নিকটস্থ থানায় যোগাযোগ করতে অনুরোধ জানানো হয়েছে।
পুলিশ বলছে, এই উদ্যোগ সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে এবং ট্রাফিক আইন মানতে নাগরিকদের আরও সচেতন করতে ভূমিকা রাখবে।

