দীর্ঘদিন ধরেই আন্তর্জাতিক ক্রিকেটে দেখা যাচ্ছে না সাকিব আল হাসানকে। তবে বিশ্বের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে নিয়মিতই খেলছেন বাংলাদেশের এই তারকা অলরাউন্ডার। এবার এশিয়ার সাবেক ও কিংবদন্তি ক্রিকেটারদের নিয়ে অনুষ্ঠিত হতে যাওয়া এশিয়ান লিজেন্ডস লিগের দ্বিতীয় আসরে বাংলাদেশ টাইগার্সের অধিনায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন তিনি।
বুধবার (২৯ জুলাই) রাতে টুর্নামেন্ট কর্তৃপক্ষ তাদের অফিশিয়াল ফেসবুক পেজে ১৬ সদস্যের বাংলাদেশ দল ঘোষণা করে। দলে সহ-অধিনায়কের দায়িত্ব পালন করবেন সাবেক অলরাউন্ডার অলক কাপালি।
এবারের আসরে অংশ নিচ্ছে ছয়টি দল— বাংলাদেশ টাইগার্স, ইন্ডিয়ান রয়্যালস, শ্রীলঙ্কান লায়ন্স, আফগানিস্তান পাঠানস, পাকিস্তান প্যান্থার্স এবং রেস্ট অব এশিয়ান স্টার্স। ৩০ জুলাই জার্সি উন্মোচনের মাধ্যমে টুর্নামেন্টের আনুষ্ঠানিক যাত্রা শুরু হবে। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে শ্রীলঙ্কান লায়ন্স ও আফগানিস্তান পাঠানস। আর ৩১ জুলাই ডাবল-হেডারের দ্বিতীয় ম্যাচে ইন্ডিয়ান রয়্যালসের বিপক্ষে মাঠে নেমে নিজেদের অভিযান শুরু করবে সাকিবের নেতৃত্বাধীন বাংলাদেশ টাইগার্স।
মোট ১৯টি ম্যাচ অনুষ্ঠিত হবে এই টুর্নামেন্টে। ৮ আগস্ট কোয়ালিফায়ার-১, ৯ আগস্ট কোয়ালিফায়ার-২ এবং ১০ আগস্ট অনুষ্ঠিত হবে ফাইনাল।
এদিকে, টুর্নামেন্টটির সঙ্গে সনি স্পোর্টস নেটওয়ার্কের তিন মৌসুমের সম্প্রচার চুক্তি রয়েছে। ফলে ক্রিকেটপ্রেমীরা সরাসরি উপভোগ করতে পারবেন এশিয়ার কিংবদন্তিদের লড়াই।

