ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে ১১ দলীয় জোটের প্রার্থী এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অন্যতম শীর্ষ নেত্রী নুসরাত তাবাসসুমের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। আজ শনিবার (২ মে) নির্বাচন ভবনে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে এই সিদ্ধান্তের কথা জানান চিফ রিটার্নিং কর্মকর্তা।
যাচাই-বাছাই প্রক্রিয়া শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রিটার্নিং কর্মকর্তা মো. মঈন উদ্দীন খান বলেন, “নুসরাত তাবাসসুমের দাখিলকৃত মনোনয়নপত্র আমরা বৈধ পেয়েছি। বর্তমানে কিছু দাপ্তরিক প্রক্রিয়া চলছে, যা সম্পন্ন হওয়ার পর আনুষ্ঠানিকভাবে তালিকা প্রকাশ করা হবে।”
মনোনয়ন বৈধ হওয়ার পর নুসরাত তাবাসসুম তাঁর প্রতিক্রিয়ায় জানান, সংসদীয় রাজনীতিতে সরাসরি অংশগ্রহণের সুযোগ তৈরি হওয়াটা গুরুত্বপূর্ণ। তবে তিনি জোর দিয়ে বলেন, “সংসদে থাকা বা না থাকা বড় কথা নয়; আমি আমার রাজনৈতিক আদর্শ অনুযায়ী সাধারণ মানুষের অধিকার রক্ষায় কাজ করে যাব।”
নুসরাত তাবাসসুমের মনোনয়ন বৈধ হলেও আরেক প্রার্থী মনিরা শারমিনের বিষয়ে কিছু কারিগরি ও আইনি জটিলতা তৈরি হয়েছে। তাঁর আইনজীবী জহিরুল ইসলাম মুসা জানান, মনিরা শারমিনের মনোনয়ন সংক্রান্ত বিষয়ে আদালতের কিছু পর্যবেক্ষণ বা নির্দেশনা রয়েছে। সেই অনুযায়ী পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে।
সংরক্ষিত নারী আসনে এনসিপি নেত্রীর এই মনোনয়ন প্রাপ্তি রাজনৈতিক অঙ্গনে বিশেষ করে ১১ দলীয় জোটের ভেতরে নতুন উৎসাহের সৃষ্টি করেছে।

