কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি:
গাজীপুরের কাপাসিয়ায় নিখোঁজ হওয়ার দুই ঘণ্টা পর একটি মাদ্রাসার পুকুর থেকে সাজিম মিয়া (১৪) নামে এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ ভোরে উপজেলার খিরাটি এলাকার জামিয়া রাশিদিয়া আশরাফিয়া মাদ্রাসায় এই ঘটনা ঘটে। নিহতের কপালে আঘাতের চিহ্ন থাকায় মৃত্যুর প্রকৃত কারণ নিয়ে এলাকায় রহস্যের সৃষ্টি হয়েছে।
নিহত সাজিম নরসিংদী সদর উপজেলার ঘোড়াদিয়া এলাকার আব্দুর রহমানের ছেলে। সে ওই মাদ্রাসার ছাত্র ছিল।
পারিবারিক সূত্রে জানা গেছে, আজ ভোরে ফজরের নামাজের পর পুকুর পাড়ে আম পাড়তে গিয়েছিল সাজিম। এরপর দীর্ঘ সময় অতিবাহিত হলেও সে ফিরে না আসায় সহপাঠী ও শিক্ষকরা তাকে খুঁজতে শুরু করেন। একপর্যায়ে পুকুর পাড়ে তার জুতা ও টুপি পড়ে থাকতে দেখে স্থানীয়দের সন্দেহ হয়। পরে পুকুর থেকেই তার নিথর দেহ উদ্ধার করা হয়।
স্বজনদের দাবি, আম পাড়তে গিয়ে পা পিছলে পুকুরে পড়ে গিয়ে সাজিমের মৃত্যু হয়েছে। তবে মরদেহের কপালে ক্ষত চিহ্ন থাকায় এটি সাধারণ দুর্ঘটনা নাকি অন্য কিছু, তা নিয়ে স্থানীয়দের মাঝে নানা গুঞ্জন চলছে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীনুর আলম জানান,”মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়ার জন্য আমরা ময়নাতদন্ত করতে চেয়েছিলাম। কিন্তু পরিবারের পক্ষ থেকে তীব্র আপত্তি থাকায় এবং কোনো অভিযোগ না থাকায় তা সম্ভব হয়নি।
আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। বর্তমানে নিহতের মরদেহ নরসিংদীর মনোহরদীতে তার নানাবাড়িতে রাখা হয়েছে। সেখানেই জানাজা শেষে দাফন সম্পন্ন হওয়ার কথা রয়েছে।

