চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় অরক্ষিত রেলক্রসিং পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় মোটরসাইকেলে থাকা দুই বন্ধু নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন।
বৃহস্পতিবার (১৮ জুন) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার দুধপাতিলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন চুয়াডাঙ্গা সদরের মর্তুজাপুর গ্রামের মো. আব্দুল্লাহ আল মামুন (২১), তাহের আলীর ছেলে এবং দর্শনা সড়াবাড়িয়া গ্রামের মো. রাজ (১৭), রফিকুল ইসলামের ছেলে।
দুর্ঘটনায় আহত হয়েছেন দুধপাতিলা গ্রামের মো. আব্দুল কাদের (২৫), রহিদুল ইসলামের ছেলে। তার একটি পা বিচ্ছিন্ন হয়ে যায় বলে জানা গেছে। প্রথমে তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেওয়া হলেও অবস্থার অবনতি হওয়ায় পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে আব্দুল কাদেরের বাড়িতে বেড়াতে আসেন তার দুই বন্ধু মামুন ও রাজ। পরে তিনজন একসঙ্গে মোটরসাইকেলে ঘুরতে বের হন। দুধপাতিলা রেলক্রসিং পার হওয়ার সময় খুলনা থেকে ছেড়ে আসা মহানন্দা এক্সপ্রেস ট্রেনটি তাদের মোটরসাইকেলকে ধাক্কা দেয়।
ধাক্কার পর ঘটনাস্থলেই দুই বন্ধু নিহত হন এবং গুরুতর আহত হন কাদের। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠান।
দামুড়হুদা মডেল থানার ওসি শেখ মেসবাউদ্দিন জানান, পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে এবং আইনগত প্রক্রিয়া চলছে।
চুয়াডাঙ্গা রেলওয়ে ফাঁড়ি পুলিশের এসআই জগদীশ চন্দ্র বসু বলেন, মোটরসাইকেলে তিনজন ছিলেন, যাদের মধ্যে দুজন ঘটনাস্থলেই মারা যান।
চুয়াডাঙ্গা রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার মিজানুর রহমানও দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

