মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা কমাতে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নির্ধারিত শান্তি আলোচনা আপাতত স্থগিত করা হয়েছে বলে জানিয়েছে সুইজারল্যান্ডের পররাষ্ট্র মন্ত্রণালয়। শুক্রবার (১৯ জুন) বৈঠকটি অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও শেষ মুহূর্তে তা বাতিল করা হয়। এ তথ্য জানিয়েছে রয়টার্স।
একইসঙ্গে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের নির্ধারিত সফরও বাতিল করা হয়েছে। ফলে অঞ্চলটিতে দীর্ঘমেয়াদি যুদ্ধবিরতি ও কূটনৈতিক সমাধানের সম্ভাবনা নিয়ে নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে।
সুইস পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, বৈঠক স্থগিত হলেও শান্তি প্রক্রিয়াকে এগিয়ে নিতে সুইজারল্যান্ড আগের মতোই সহযোগিতা করে যাবে। সম্ভাব্য আলোচনার জন্য প্রয়োজনীয় প্রস্তুতিও অব্যাহত রয়েছে।
অন্যদিকে, বৈঠক স্থগিতের বিষয়ে ইরানের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এর আগে তেহরান জানিয়েছিল, সাম্প্রতিক সমঝোতার ভিত্তিতে অন্তত ৬০ দিনের যুদ্ধবিরতি কার্যকর থাকলে তারা পরবর্তী প্রযুক্তিগত আলোচনায় অংশ নিতে আগ্রহী।
এর আগে বৃহস্পতিবার দুই দেশের প্রেসিডেন্ট একটি সমঝোতা স্মারকে ভার্চুয়ালি স্বাক্ষর করেন। ওই সমঝোতার ধারাবাহিকতায় সুইজারল্যান্ডের জেনেভায় মুখোমুখি আলোচনা শুরু হওয়ার কথা ছিল। সেখানে ইরানের পারমাণবিক কর্মসূচির ভবিষ্যৎ এবং সম্ভাব্য চূড়ান্ত চুক্তির বিভিন্ন দিক নিয়ে আলোচনা হওয়ার কথা ছিল।
তবে নির্ধারিত বৈঠক স্থগিত হওয়ায় মধ্যপ্রাচ্যের চলমান সংকট সমাধানে কূটনৈতিক অগ্রগতির গতি সাময়িকভাবে থমকে গেছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

