যুদ্ধবিরতির মেয়াদ তিন সপ্তাহ বাড়ানোর মাত্র দুই দিন পরই লেবাননে হিজবুল্লাহর লক্ষ্যবস্তুগুলোতে ‘জোরালোভাবে আক্রমণের’ নির্দেশ দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। প্রধানমন্ত্রীর এই নির্দেশের পর দক্ষিণ লেবাননে নতুন করে বিমান হামলা শুরু করেছে ইসরায়েলি বাহিনী, যা চলমান ভঙ্গুর যুদ্ধবিরতি চুক্তিকে চরম ঝুঁকির মুখে ঠেলে দিয়েছে।
লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় এবং বার্তা সংস্থা এএফপির তথ্যমতে, গত শনিবার দক্ষিণ লেবাননের নাবাতিহ জেলার ইয়োহমোর আল-শাকীফ শহরে একটি ট্রাক ও মোটরসাইকেল লক্ষ্য করে চালানো ইসরায়েলি হামলায় চারজন নিহত হয়েছেন। এ ছাড়া বিনত জবেইল জেলার সাফাদ আল-বাতিখ শহরে অন্য একটি হামলায় আরও দুইজন নিহত এবং ১৭ জন আহত হয়েছেন। সব মিলিয়ে গত শনিবারের হামলায় অন্তত ছয়জন প্রাণ হারিয়েছেন।
ওয়াশিংটনে দুই দেশের প্রতিনিধিদের মধ্যে আলোচনার পর গত বৃহস্পতিবার এই যুদ্ধবিরতি চুক্তির মেয়াদ বাড়ানো হয়েছিল। তবে এই চুক্তির মাধ্যমে যুদ্ধ পুরোপুরি বন্ধ না হয়ে মূলত দুপক্ষের গোলাগুলির পরিমাণ কমে এসেছিল। শনিবারের এই প্রাণঘাতী হামলার পর দুই দেশের সীমান্তে নতুন করে শুরু হওয়া উত্তেজনা চুক্তিটি টিকে থাকার সম্ভাবনাকে ক্ষীণ করে তুলছে। মূলত হিজবুল্লাহর সম্ভাব্য তৎপরতার পাল্টা জবাব হিসেবেই এই সাঁড়াশি আক্রমণের নির্দেশ দিয়েছেন নেতানিয়াহু, যা পুরো অঞ্চলে নতুন করে যুদ্ধের শঙ্কা জাগিয়ে তুলেছে।

