ঢাকার বিভিন্ন সড়ক থেকে উচ্ছেদ হওয়া হকারদের দ্রুত পুনর্বাসনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শনিবার (২৫ এপ্রিল) রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এ নির্দেশনা দেন।
বৈঠকে প্রধানমন্ত্রী মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট সংস্থাগুলোকে সমন্বয়ের মাধ্যমে দ্রুত বিকল্প স্থান নির্ধারণের নির্দেশ দেন। তিনি বলেন, উচ্ছেদ হওয়া হকারদের এমন জায়গায় পুনর্বাসন করতে হবে, যেখানে তারা স্বাভাবিকভাবে ও সম্মানের সঙ্গে ব্যবসা চালাতে পারেন।
সিদ্ধান্ত অনুযায়ী, হকারদের জন্য বিকল্প স্থান বরাদ্দের পাশাপাশি তাদের নিবন্ধনের মাধ্যমে পরিচয়পত্র দেওয়ার উদ্যোগ নেওয়া হবে, যাতে কার্যক্রম সুশৃঙ্খলভাবে পরিচালনা করা যায়।
এছাড়া সড়কে যানজট কমাতে শিক্ষা প্রতিষ্ঠানের শুরু ও শেষ সময় ব্যবস্থাপনা এবং অবৈধ পার্কিং নিয়ন্ত্রণে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার ওপর গুরুত্ব দেন প্রধানমন্ত্রী।
সম্প্রতি ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের বিভিন্ন এলাকায় সড়ক দখলমুক্ত করতে অভিযান চালিয়ে শতাধিক দোকান উচ্ছেদ করা হয়েছে বলে জানা গেছে।

