ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে আবারও ওয়াকআউট করেছেন বিরোধী দলীয় সংসদ সদস্যরা। বৃহস্পতিবার (৯ এপ্রিল) বিকাল ৫টা ৫৫ মিনিটে তারা অধিবেশন থেকে বের হয়ে যান।
বিরোধী দলের নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান ওয়াকআউটের ঘোষণা দিয়ে জোটের সংসদ সদস্যদের নিয়ে সংসদ ত্যাগ করেন।
তিনি বলেন, বিরোধী দলের যৌক্তিক আপত্তি সত্ত্বেও বেশ কয়েকটি ‘গণবিরোধী’ বিল পাস করা হয়েছে। তাই তারা এসবের দায় নিতে চান না এবং প্রতিবাদস্বরূপ ওয়াকআউট করেছেন।
এর আগে চলতি অধিবেশনের শুরুতে ১২ মার্চ রাষ্ট্রপতির ভাষণের প্রতিবাদে এবং ১ এপ্রিল দ্বিতীয়বারের মতো বিরোধী দল ওয়াকআউট করেছিল।
অধিবেশনে এ ঘটনার পর স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ বলেন, আইন প্রণয়ন প্রক্রিয়ার বিভিন্ন ধাপে বিরোধীরা অংশ নিয়েছেন এবং সমর্থনও দিয়েছেন। তারপর ওয়াকআউটের যৌক্তিকতা নিয়ে তিনি প্রশ্ন তোলেন এবং বিরোধী সদস্যদের পরবর্তী অধিবেশনে ফের অংশগ্রহণের আহ্বান জানান।

