মুহাম্মদ মহসিন আলী, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় দীর্ঘদিন ধরে তীব্র জনবল সংকটের কারণে প্রশাসনিক কার্যক্রমে স্থবিরতা দেখা দিয়েছে। উপজেলার ৩৩টি সরকারি দপ্তরের মধ্যে অন্তত ১১টিতে নিয়মিত কর্মকর্তা না থাকায় অতিরিক্ত দায়িত্বের মাধ্যমে কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। এতে জনসেবা প্রদানে ধীরগতি দেখা দিয়েছে এবং ভোগান্তিতে পড়ছেন সাধারণ মানুষ।
উপজেলার গুরুত্বপূর্ণ একাধিক দপ্তরে বর্তমানে অতিরিক্ত দায়িত্বে কর্মকর্তারা কাজ করছেন। এসব দপ্তরের মধ্যে রয়েছে উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস, সাব-রেজিস্ট্রার অফিস, উপজেলা শিক্ষা অফিস, সহকারী প্রোগ্রামার দপ্তর, হিসাব রক্ষণ অফিস, যুব উন্নয়ন অফিস, পল্লী উন্নয়ন অফিস, খাদ্য নিয়ন্ত্রকের দপ্তর, বিএডিসির সহকারী প্রকৌশলী কার্যালয় এবং ফায়ার সার্ভিস স্টেশন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, একজন কর্মকর্তাকে একাধিক দপ্তরের দায়িত্ব পালন করতে হওয়ায় তিনি সব অফিসে নিয়মিত উপস্থিত থাকতে পারছেন না। ফলে ফাইল নিষ্পত্তি, সনদ প্রদানসহ বিভিন্ন সেবামূলক কার্যক্রমে বিলম্ব হচ্ছে। অনেক ক্ষেত্রে সেবা নিতে এসে সাধারণ মানুষকে একাধিকবার অফিসে যেতে হচ্ছে।
স্থানীয় বাসিন্দারা অভিযোগ করে বলেন, একটি কাজ সম্পন্ন করতে কয়েকদিন ধরে অফিসে ঘুরতে হচ্ছে। নির্দিষ্ট কর্মকর্তা না থাকায় সময়মতো সেবা পাওয়া যাচ্ছে না। এতে সময় ও অর্থ—দুইই অপচয় হচ্ছে।
উপজেলা প্রশাসনের একটি সূত্র জানায়, দীর্ঘদিন ধরে কয়েকটি গুরুত্বপূর্ণ পদ শূন্য থাকায় নতুন জনবল নিয়োগ না হওয়া পর্যন্ত বিদ্যমান কর্মকর্তাদের ওপরই অতিরিক্ত দায়িত্ব দিতে হচ্ছে। এতে তাদের কাজের চাপও বেড়ে গেছে।
এ অবস্থায় দ্রুত শূন্য পদগুলোতে জনবল নিয়োগ এবং প্রশাসনিক কার্যক্রম শক্তিশালী করার দাবি জানিয়েছেন স্থানীয়রা। তাদের মতে, সময়মতো কার্যকর পদক্ষেপ না নিলে পরিস্থিতি আরও অবনতি হতে পারে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা সখিনা আক্তার বলেন, সমস্যাটি সমাধানে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হয়েছে। আশা করছি, খুব শিগগিরই পরিস্থিতির উন্নতি হবে।

