নোয়াখালীতে ঝড়ের কারণে রেললাইনের ওপর গাছ উপড়ে পড়ে ঢাকার সঙ্গে রেল যোগাযোগ সাময়িকভাবে বন্ধ হয়ে গেছে।
মঙ্গলবার (৭ এপ্রিল) ভোর থেকে আন্তঃনগর ‘উপকূল এক্সপ্রেস’ ট্রেনটি মাইজদী কোর্ট স্টেশনে আটকে পড়ায় শত শত যাত্রী দুর্ভোগে পড়েন।
স্থানীয় ও রেলওয়ে সূত্রে জানা যায়, মধ্যরাতে মাইজদী শহরসহ আশপাশের এলাকায় বজ্রসহ দমকা ঝড়ো হাওয়া বয়ে যায়। ঝড়ের কারণে হরিনারায়ণপুর ও বসিরার দোকান এলাকার রেললাইনের বিভিন্ন অংশে বড় বড় গাছ উপড়ে পড়ে।
সকালে সোনাপুর স্টেশন থেকে ‘উপকূল এক্সপ্রেস’ যাত্রা শুরু করলেও হরিনারায়ণপুর এলাকায় গাছপালার কারণে সেটি আটকে যায়। পরে ফায়ার সার্ভিসের সহায়তায় বাধা সরানো হলে ট্রেনটি মাইজদী কোর্ট স্টেশনে পৌঁছায়। তবে পরবর্তী অংশে আবারও গাছ পড়ে থাকায় সকাল ৮টা ২৩ মিনিট পর্যন্ত ট্রেনটি সেখানেই থেমে থাকে।
রেলওয়ের মাইজদী স্টেশন মাস্টার আসাদুজ্জামান জানান, রেললাইন পরিষ্কারের কাজ চলছে। ফায়ার সার্ভিস ও রেলকর্মীরা যৌথভাবে গাছ অপসারণে কাজ করছেন। পুরো লাইন পরিষ্কার করতে আরও কিছু সময় লাগবে, এরপর ট্রেন চলাচল স্বাভাবিক হবে।

