ইরান যুদ্ধকে কেন্দ্র করে সৃষ্ট অস্থিতিশীল ভূ-রাজনৈতিক পরিস্থিতির প্রেক্ষাপটে দেশের জরুরি জ্বালানি চাহিদা পূরণের লক্ষ্যে ১ লাখ মেট্রিক টন ডিজেল এবং স্পট মার্কেট থেকে দুই কার্গো এলএনজি আমদানির প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকার।
শনিবার ছুটির দিনে জুম প্ল্যাটফর্মে অনুষ্ঠিত ‘সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি’র জরুরি বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
অর্থ মন্ত্রণালয় জানায়, আন্তর্জাতিক ক্রয় পদ্ধতিতে সরাসরি ১ লাখ টন ডিজেল কেনা হবে ‘কাজাখ গ্যাস প্রসেসিং প্ল্যান্ট এলএলপি’ থেকে। প্রতি ব্যারেল ৭৫ দশমিক ০৬ ডলার দরে এ আমদানিতে ব্যয় ধরা হয়েছে ৫ কোটি ৫৯ লাখ ৯৪ হাজার ৭৬০ ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৬৮৯ কোটি ২৯ লাখ ৫৪ হাজার টাকা।
এছাড়া প্রতিষ্ঠানটির কাছ থেকে মোট ৫ লাখ টন ডিজেল আমদানির নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর মধ্যে প্রাথমিকভাবে ১ লাখ টন কেনার অনুমোদন দিয়েছে ক্রয় কমিটি।
একই বৈঠকে সৌদি আরবের ‘আরামকো ট্রেডিং সিঙ্গাপুর পিটিই লিমিটেড’ থেকে দুই কার্গো এলএনজি আমদানির প্রস্তাবও অনুমোদন দেওয়া হয়। এর আগে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে জ্বালানি তেল আমদানির আরও দুটি প্রস্তাব নীতিগত অনুমোদন দেওয়া হয়েছিল। তবে পরবর্তী ক্রয় কমিটির বৈঠকে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ ওই দুটি প্রস্তাব প্রত্যাহার করে নেয়।
প্রত্যাহার হওয়া প্রস্তাবগুলোর মধ্যে ছিল ‘ডিবিএস ট্রেডিং হাউজ এফজেডকো’ থেকে ১০ লাখ টন ডিজেল ও ১ লাখ টন গ্যাসোলিন (অকটেন) আমদানি, এবং ‘ম্যাক্সওয়েল ইন্টারন্যাশনাল এসপিসি’ থেকে ১ লাখ টন ডিজেল আমদানির প্রস্তাব।
এর আগে ৩১ মার্চ অনুষ্ঠিত ক্রয় কমিটির বৈঠকে মোট ২ লাখ ৬০ হাজার টন জ্বালানি তেল আমদানির প্রস্তাব অনুমোদন দেওয়া হয়।

