সত্যজিৎ দাস (মৌলভীবাজার প্রতিনিধি ):
মৌলভীবাজার সদর উপজেলায় অবৈধভাবে জ্বালানি তেল মজুদ ও অতিরিক্ত দামে বিক্রির অভিযোগে চারটি দোকানকে মোট ২১ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (১ এপ্রিল ২০২৬) উপজেলার আপার কাগাবলা ও আমতৈল ইউনিয়নের খুশালপুর বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন মৌলভীবাজারের সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট লুৎফুন নাহার শারমীন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়,কয়েকটি দোকানে অনুমোদন ছাড়া ডিজেল,পেট্রোল ও অক্টেন মজুদ রাখা হচ্ছিল এবং সেগুলো অতিরিক্ত মূল্যে বিক্রি করা হচ্ছিল। এ অভিযোগে চারটি দোকানকে মোট ২১ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানকালে সংশ্লিষ্ট দোকানিদের সতর্ক করে দেওয়া হয় এবং ভবিষ্যতে এ ধরনের অনিয়ম না করার জন্য নির্দেশনা দেওয়া হয়।
এ বিষয়ে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট লুৎফুন নাহার শারমীন বলেন,বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্য ও জ্বালানি তেলের স্বাভাবিক সরবরাহ এবং ন্যায্যমূল্য নিশ্চিত করতে জেলা প্রশাসন নিয়মিত নজরদারি করছে। কেউ অবৈধভাবে জ্বালানি তেল মজুদ বা অতিরিক্ত দামে বিক্রি করলে তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
জেলা প্রশাসন জানিয়েছে,বাজার স্থিতিশীল রাখতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

