নারীর ক্ষমতায়ন ও সামাজিক নিরাপত্তা জোরদারে দেশজুড়ে ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি সম্প্রসারণের পরিকল্পনা জানিয়েছে সরকার। আগামী চার বছরে পর্যায়ক্রমে চার কোটি পরিবারকে এ কর্মসূচির আওতায় আনার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বুধবার (১ এপ্রিল) জাতীয় সংসদে এক লিখিত প্রশ্নের জবাবে তিনি বলেন, সংবিধানের ১৫(ঘ) অনুচ্ছেদ অনুযায়ী নাগরিকদের সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব, আর ‘ফ্যামিলি কার্ড’ সেই লক্ষ্য পূরণের একটি আধুনিক উদ্যোগ।
প্রধানমন্ত্রী জানান, এই কর্মসূচিতে পরিবারের নারী সদস্যকে কার্ড দেওয়া হবে। এতে সহায়তার অর্থ সরাসরি পরিবার কল্যাণে ব্যয় হবে এবং নারীর আর্থিক নিয়ন্ত্রণ ও সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা বাড়বে।
তিনি আরও বলেন, বর্তমানে দেশে ৯৫টির বেশি সামাজিক নিরাপত্তা কর্মসূচি থাকলেও প্রত্যাশিতভাবে দারিদ্র্য কমেনি। তবে অভিজ্ঞতায় দেখা গেছে, নারীর হাতে সহায়তা পৌঁছালে তা পরিবারের খাদ্য, স্বাস্থ্য ও শিক্ষায় বেশি কার্যকরভাবে ব্যবহৃত হয়।
সরকারি তথ্য অনুযায়ী, চলতি বছরের ১০ মার্চ ১৩টি জেলার কিছু এলাকায় পরীক্ষামূলকভাবে এই কর্মসূচি চালু হয়েছে, যেখানে প্রায় ৩৭ হাজারের বেশি নারীপ্রধান পরিবার ভাতা পাচ্ছে। চলতি অর্থবছরের মধ্যে আরও ৩০ হাজার পরিবারকে যুক্ত করার পরিকল্পনা রয়েছে।

