জামালপুরে স্ত্রীকে হত্যার দায়ে স্বামী আমিনুল ইসলামকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।
সোমবার (৩০ মার্চ) দুপুরে জামালপুর জেলা জজ আদালতের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মোহাম্মদ আব্দুর রহিম এ রায় ঘোষণা করেন।
মামলার নথি অনুযায়ী, ২০১৮ সালে জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার বেলুয়ারচর গ্রামের আমিনুল ইসলামের সঙ্গে সুজানা আক্তারের পারিবারিকভাবে বিয়ে হয়। বিয়ের পর থেকেই যৌতুকের দাবিতে স্ত্রীকে নির্যাতনের অভিযোগ ওঠে।
২০২২ সালের ২৪ এপ্রিল যৌতুক হিসেবে ২০ হাজার টাকা দাবি করলে তা দিতে অস্বীকৃতি জানানোয় সুজানাকে মারধর ও লাথি মারেন স্বামী। পরদিন ২৫ এপ্রিল চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
ঘটনার পর ওই দিনই নিহতের বাবা সুরুজ মিয়া দেওয়ানগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলায় রাষ্ট্রপক্ষ ১৩ জন সাক্ষীর সাক্ষ্য উপস্থাপন করে এবং আসামি ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।
সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে আদালত আসামিকে মৃত্যুদণ্ডের পাশাপাশি ১ লাখ টাকা জরিমানার আদেশ দেন। রাষ্ট্রপক্ষ এ রায়ে সন্তোষ প্রকাশ করেছে।

