ডিপ্লোমা প্রকৌশলী ও কারিগরি খাতে ন্যায্য অধিকার নিশ্চিত করা, দক্ষতা উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং উদ্যোক্তা তৈরির লক্ষ্যকে সামনে রেখে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সমর্থিত ডিপ্লোমা প্রকৌশলী উইং ‘ন্যাশনাল ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স অ্যালায়েন্স (এনডিইএ)’ এর ১০১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।
শনিবার (১৩ জুন) দলটির পক্ষ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
ঘোষিত কমিটিতে প্রকৌশলী মো. শেখ জামাল (আবির) আহ্বায়ক এবং প্রকৌশলী ফয়সাল আলম সোহেল সদস্য সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন। সাংগঠনিক সম্পাদক হয়েছেন প্রকৌশলী মো. আলমগীর হোসেন।
সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. জসিম উদ্দিন মজুমদার ও ফারুক হোসাইন। যুগ্ম আহ্বায়ক পদে রয়েছেন মোহাম্মদ আলী, মো. মেহেদী হাসান নাবিল, হাসান নেওয়াজ খান, মোহাম্মদ মুশফিকুর রহমান শিহাব, মো. রনি বাবু (রেদওয়ান), মো. ফারুক আহমেদ (আকরাম), মো. আহসান উল্লাহ, মাহাবুব আলম এবং মোতাহের হোসেন মণ্ডল।
এছাড়া সিনিয়র যুগ্ম সদস্য সচিব হয়েছেন আলী আশরাফ ও খাইরুল কবির সীপু। যুগ্ম সদস্য সচিব পদে বিভিন্ন দায়িত্ব বণ্টন করা হয়েছে, যার মধ্যে দপ্তর, প্রচার, অর্থ, ছাত্র-শিক্ষক সমন্বয় এবং জুলাই গণঅভ্যুত্থান ও মুক্তিযুদ্ধ বিষয়ক কার্যক্রম অন্তর্ভুক্ত রয়েছে।
সাংগঠনিক কাঠামোতে আরও সহ-সাংগঠনিক সম্পাদক, বিভাগীয় সম্পাদক ও সংগঠকসহ বিভিন্ন স্তরের দায়িত্বশীলদের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে।
নেতারা জানান, সংগঠনটি ডিপ্লোমা প্রকৌশলীদের পেশাগত স্বার্থ রক্ষা এবং কারিগরি খাতকে আরও শক্তিশালী করতে কাজ করবে।

