ইরানের জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তা মেজর জেনারেল আলি আবদোল্লাহি বলেছেন, শিগগিরই বিশ্ব ইরানের বিজয়ের প্রতিধ্বনি এবং প্রতিরোধ শক্তির সাফল্যের সাক্ষী হবে। একই সঙ্গে তিনি ইসরাইলকে “আগ্রাসী শত্রু” হিসেবে আখ্যায়িত করেন।
শনিবার (১৩ জুন) ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম প্রেস টিভির বরাতে এ তথ্য জানা যায়।
প্রতিবেদন অনুযায়ী, মেজর জেনারেল গোলামআলি রশিদ এবং আমিন আব্বাস রশিদের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত একটি অনুষ্ঠানে পাঠানো বার্তায় তিনি এসব মন্তব্য করেন।
আবদোল্লাহি বলেন, তাদের মৃত্যুকে কেন্দ্র করে ইরানের জন্য শোকের পাশাপাশি প্রতিরোধ ক্ষমতা আরও দৃঢ় হয়েছে। তার ভাষায়, প্রতিপক্ষ ভেবেছিল সামরিক কৌশলবিদদের হত্যা করলে ইরানের প্রতিরক্ষা কাঠামো দুর্বল হয়ে পড়বে, কিন্তু বাস্তবে তা ঘটেনি।
তিনি আরও দাবি করেন, শহীদ রশিদ ভবিষ্যৎ প্রজন্মের জন্য কৌশলগত জ্ঞান ও অভিজ্ঞতার গুরুত্বপূর্ণ উত্তরাধিকার রেখে গেছেন, যা ইরানের সামরিক পরিকল্পনায় এখনও প্রভাব রাখছে।
ইরানি এই সামরিক কর্মকর্তা বলেন, দেশটির সশস্ত্র বাহিনী বর্তমানে “জটিল হাইব্রিড ও জ্ঞানভিত্তিক যুদ্ধ” মোকাবিলায় সক্ষমতা অর্জন করেছে এবং তা অব্যাহতভাবে উন্নত করা হচ্ছে।

