প্রধানমন্ত্রী তারেক রহমান সারাদেশের ১২টি সিটি কর্পোরেশনের প্রত্যেক পরিচ্ছন্নতাকর্মীর জন্য পাঁচ হাজার টাকা করে ঈদ উপহার দিয়েছেন। রোববার (১৫ মার্চ) বিকেল সাড়ে তিনটায় সংসদ সচিবালয়ে প্রধানমন্ত্রীর নিজ কক্ষে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়রসহ অন্যান্য সিটি কর্পোরেশনের প্রশাসকদের হাতে চেক তুলে দেওয়া হয়।
উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, প্রতিমন্ত্রী মীর শাহে আলম, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন এবং অন্যান্য সিটি কর্পোরেশনের প্রশাসকবৃন্দ।
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বলেন, ঈদুল ফিতর উপলক্ষে পরিচ্ছন্নতাকর্মীদের প্রতি সম্মান ও সহমর্মিতা জানাতে এই আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। তিনি আরও বলেন, শহরগুলোকে পরিচ্ছন্ন ও বাসযোগ্য রাখতে পরিচ্ছন্নতাকর্মীদের অবদান গুরুত্বপূর্ণ, তাই তাদের পরিশ্রমের স্বীকৃতিস্বরূপ প্রধানমন্ত্রী এই উদ্যোগ গ্রহণ করেছেন।
সচিব জানান, এই সহায়তা কর্মীদের পরিবারে ঈদের আনন্দ বাড়াবে এবং ভবিষ্যতেও নগর সেবায় নিয়োজিত সকল কর্মীর কল্যাণে সরকার বিভিন্ন মানবিক উদ্যোগ চালিয়ে যাবে।

